TRENDS

Vivo Drone: অবিশ্বাস্য, স্মার্টফোনেই আসছে ড্রোন ক্যামেরা! হাতের ফোন এবার আকাশ থেকে তুলবে ছবি

Chandramani Saha
Vivo Drone: অবিশ্বাস্য, স্মার্টফোনেই আসছে ড্রোন ক্যামেরা! হাতের ফোন এবার আকাশ থেকে তুলবে ছবি
যে প্রযুক্তিতে কাজ করবে

বিশ্বজিৎ দাস : আরও কত কী যে দেখার বাকি বিজ্ঞানের দৌলতে! কিন্তু আপাততঃ এটাই দেখুন যে ভিড়ের মাঝে ঢাকা পড়ে যাওয়া আপনার প্রিয় নায়ক অথবা নায়িকার ছবি আপনি তুলতে পারবেন অনায়াসে। এবার তার জন্য আপনাকে উঁচুতে কিংবা বাড়ির ছাদে উঠতে হবেনা বরং আপনি উড়িয়ে দিন আপনার হাতে থাকা ফোনের ক্যামেরা টাকেই। হ্যাঁ, এবার স্মার্টফোনেই ড্রোন ক্যামেরা ! অবিশ্বাস্য এই প্রযুক্তি নিয়ে আসছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Vivo। ভিভো (Vivo) ইদানিং ক্যামেরা প্রযুক্তিতে প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। ভারতেও যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই স্মার্টফোন সংস্থা। খুব সম্প্রতি, স্মার্টফোন ক্যামেরায় গিম্বল ব্যবহার করে চমকে দিয়েছিল Vivo। কিন্তু, প্রযুক্তির উদ্ভাবনী শক্তির সঙ্গে গ্রাহকদের পরিচয় করাতে এখানেই থেমে থাকতে রাজি নয় কোম্পানিটি।

Vivo-র ফাইল করা একটি পেটেন্ট দেখে জানা গিয়েছে,এই কোম্পানি স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে । আজকাল অনেক ড্রোনেই দুর্দান্ত কোয়ালিটি ক্যামেরা থাককে। এবার Vivo ফোনেই দেওয়া হবে একটি ডিটাচেবল ড্রোন ক্যামেরা। ডিটাচেবল মানে? আপনার ফোন থেকে ডানা মেলে উড়ে যাবে  ক্যামেরাটি। উড়বে কিন্তু সবটাই আপনার হাতের আর চোখের নিয়ন্ত্রণে।

মোট চারটি পাখা এই ডিটাচেবল ক্যামেরা মডিউলে রয়েছে। এছাড়াও, এই মডিউলে থাকছে একটি আলাদা ব্যাটারি, যা ফোনের ব্যাটারির থেকে সম্পূর্ণ আলাদা এবং তা ব্যবহৃত হবে কেবল মাত্র সেই ফ্লাইং ক্যামেরা চার্জ করতেই। এছাড়াও, মডিউলে রয়েছে দুটি ক্যামেরা সেন্সর। ক্যামেরা মডিউলের সঙ্গেই এই ক্যামেরায় থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর। যদিও, কেন এই ইনফ্রারেড সেন্সরগুলি ব্যবহার হয়েছে, তা এই পেটেন্ট দেখে বোঝা সম্ভব হয়নি।

স্মার্টফোন ওড়ানোর সময় যেন অন্য কোনও বস্তুতে তা ধাক্কা না মারে, সেই কারণেই এই সেন্সর রাখা হয়েছে।সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত বছর একটি পেটেন্ট ফাইল করেছে Vivo, যা প্রকাশিত হয়েছে 1 জুন। পেটেন্টের ছবি দেখে একপ্রকার পরিষ্কার এই ক্যামেরায় একটি ডিটাচেবল ক্যামেরা মডিউল যা ড্রোন বা ফ্লাইং ক্যামেরা হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর তাতেই বিশেষজ্ঞ মহল মনে করছে, এমনতর প্রযুক্তি স্মার্টফোনে প্রথম বার দেওয়া হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তকারী প্রযুক্তি হতে চলেছে এই ড্রোন বা ফ্লাইং ক্যামেরার কনসেপ্ট।রিপোর্টে জানানো হয়েছে, এই ফ্লাইং মডিউলে থাকতে পারে অটোমেটিক ফলো মোড, যা গ্রাহককে ফলো করে ভিডিয়ো অথবা ছবি তুলতে পারবে।তবে এই সব তথ্যের সমর্থনে পেটেন্ট থেকে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join