নিউজ ডেস্ক: করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার উপর পেট্রোল-ডিজেলের এই দাম বেড়ে চলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। ফলে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। এর মাঝে বুধবার আবারও দেশের অনেক শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। পেট্রোল প্রতি লিটারে ২৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটারে ১৯ পয়সা বেড়েছে। ফলে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৫৮ পয়সা ও ডিজেলের দাম লিটারে ৯০ টাকা ২৫ পয়সা।
এরপর দেশের বিভিন্ন জায়গায় এখন পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা এবং লাদাখ সহ ছয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পেট্রোল প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। একই সময়ে, মুম্বাইয়ে পেট্রোলের দাম বর্তমানে ১০২.৮২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.৮৪ টাকা।
চলতি বছরের ৪ মে পর চতুর্থবারের মতো পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। এই সময়ে, পেট্রোলের দাম প্রতি লিটারে ৫.৫৪ এবং ডিজেলের দাম ৬.৬৩ টাকা বেড়েছে। তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে গত ১৫ দিনের দামের গড় ভিত্তিতে প্রতিদিন দেশীয় বাজারে দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে যানবাহন জ্বালানির খুচরো দাম বাড়ছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে দেশের প্রায় সমস্ত রাজ্যেই চলছে বিধিনিষেধ। এ জন্য পেট্রোল ও ডিজেলের চাহিদা মে মাসে, আগের মাসের চেয়ে ১৭ শতাংশ কমেছে এবং যদি মে ২০১৯ সালের তুলনা করা হয় তাহলে ৩০ শতাংশ কমেছে। এলপিজি সিলিন্ডার বিক্রি বছরে ছয় শতাংশ হ্রাস পেয়ে ২১.৬ লক্ষ টন হয়েছে।
অন্যদিকে, জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।
9224992249 নম্বরে RSP<space> পেট্রোল পাম্পের ডিলার কোড’ টাইপ করে মেসেজ পাঠালেই প্রতিদিন জ্বালানির দামের আপডেট পাওয়া যায়। প্রতিদিন সকাল ৬টা থেকে জ্বালানির নতুন দাম চালু হয়।






