TRENDS

বরানগরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতিদের গুলিবর্ষণ,শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা :বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত উত্তর 24 পরগণার বরানগর।এলাকার বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। বুধবার গভীর রাতে উত্তর কলকাতা শহরতলির বিজেপি সহ সভাপতি রাজীব মিশ্রর বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা।এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।
বিজেপি নেতা রাজীব তার বাড়িতে থাকলেও তিনি বাইরে না বেরোনোয় প্রাণে বেঁচে যান।

ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কেদারনাথ ভট্টাচার্য লেনে।ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসীরা। যদিও ঘটনার পর বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে এলাকায়। জানা গেছে বুধবার রাতে বিজেপি নেতা রাজীব মিশ্রকে মুখ ঢাকা ৩ যুবক এসে ডাকাডাকি করে। সেই সময় তিনি বাড়ির দোতলা থেকে তাদের বলেন, ফোনে কথা বলতে। তিনি বেশি রাতে কারোর সঙ্গে দেখা করেন না। জানা যায়,ওই যুবকদের মধ্যে একজন রাজীবকে ফোনও করেছিল রাতে।

এরপরই বিজেপি নেতার বাড়িতে আসে তার অন্য এক বন্ধু অতনু মুখোপাধ্যায়। তখন ৩ যুবক স্বমূর্তি ধারন করে রাজীব মিশ্রর বাড়ি লক্ষ্য করে পরপর ২/৩ রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজীবের বাড়ির বাইরে দাঁড়ানো অতনু মুখোপাধ্যায়।

রাজীব মিশ্রর অভিযোগ, “আমরা এখানে বিজেপি দলকে শক্তিশালী করছি, ওদের সহ্য হচ্ছে না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। “এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কিছুই ঘটেনি কোথাও। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join