TRENDS

একুশের আগের একুশ, ময়দানে নয় টিভিতেই, শাহকে টেক্কা দিতে প্রস্তুতি তৃণমূলের আইটি সেলের

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: ভার্চুয়াল সভা করে বাংলায় করোনা উত্তর রাজনীতির নতুন প্ল্যাটফর্মের সূচনা করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। এবার সেই সভার পাল্টা দিতে ২১শে জুলাইকেই বেছে নিলেন মমতা ব্যানার্জী। ২০২১ তৃণমূলের অস্তিত্ব রক্ষার ময়দান, বিধানসভা নির্বাচন আর তার আগে শেষ একুশে জুলাই উদযাপনে ভার্চুয়ালেই ভরসা রাখছে তৃণমূল । যাকে পুরোপুরি সফল করতে ময়দানে নামছে তৃণমূলের আইটি সেল। করোনা বিধি মোতাবেক লাখো মানুষের সমাবেশ না করা গেলেও বুথে বুথে দলনেত্রীর বক্তব্য পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে তারা। নিয়ম রক্ষায় ত্রুটি রাখছে না তৃণমূল ।

শুক্রবারই একুশে জুলাই নিয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে এবার একুশে জুলাই পালিত হবে প্রতি বুথে । সামাজিক দূরত্ব মেনে দেওয়া হবে শহিদ বেদীতে মালা ।বুথ ভিত্তিক সভায় সাধ্যমতো উপস্থিত থাকবেন বিধায়ক সংসদরা । দলনেত্রীর ভাষণ শোনাতে জায়ান্ট স্ক্রিন ব্যবহার করা হবে বেশ কিছু জায়গায়।

অন্যদিকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার পরিবর্তে এবার জন সংযোগে জোর দিচ্ছে দল। আগামী ৬ জুলাই থেকে ১৩ জুলাই  প্রতি বুথে বাড়ি বাড়ি যাবেন দলীয় কর্মীরা । হাতে থাকবে প্ল্যাকার্ড । গ্যাস , তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ স্লোগান লেখা হবে ওই প্ল্যাকার্ডে । এছাড়া রেল বেসরকারিকরণ ও কয়লার ১০০ শতাংশ এফডিআই নিয়েও প্রতিবাদের সুর চড়াতে চলেছে তৃণমূল ৷ এই নিয়ে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে দল৷
৭ জুলাই রেলের বেসরকারিকরণ নিয়ে ৭ জুলাই বিভিন্ন রেলওয়ে স্টেশনে চলবে বিক্ষোভ ৷ ৮ জুলাই চলবে তেলের দাম বৃদ্ধি নিয়ে রয়েছে প্রতিবাদ কর্মসূচি ৷ কয়লা সেক্টর ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রতিবাদে ৯ জুলাই প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ কো-অপারেটিভ ব্যাঙ্কেও হস্তক্ষেপ করছে সরকার, এর প্রতিবাদেও ১০ জুলাই কিছু কর্মসূচি রয়েছে দলের ৷

একুশে জুলাইয়ের দিন রাজ্যের প্রতি বুথে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত শহিদ দিবস পালিত হবে ।দুপুর দুটো থেকে বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা কি রাজনৈতিক বার্তা দেন সে দিকেই তাকিয়ে তৃণমূল শিবির ।মোদির বিরুদ্ধে বিশেষত এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়তে দলকে ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতির ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।

শুক্রবারের বৈঠকেও বিজেপির ” হিংসাত্মক রাজনীতি ” র বিরুদ্ধে দলকে সতর্ক করেন মমতা ।বলেন ” পঞ্চায়েত থেকে রাজ্য সর্বত্র গোটা দলকে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে ” । রাজনৈতিক মহলের মতে এই বিজেপির বিরুদ্ধেই এবার একুশের ভার্চুয়াল ভাষণ থেকে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা। ভার্চুয়াল সভায় শাহকে টেক্কা দিতে আইটি সেল সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join