TRENDS

তৃণমূল কর্মীর বাড়ী থেকে উদ্ধার মাস্কেট গান, ঘটনা ঘিরে তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা

Chandramani Saha

অশ্লেষা চৌধুরী: বিধানসভা ভোটের নির্ঘণ্ট বাজার আগেই ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, মালদায় তৃণমূল কর্মীর বাড়ী থেকে উদ্ধার হল মাস্কেট গান। মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম এলাকার ঘটনা। অভিযুক্ত মন্টু শেখ এখনও অধরা। অভিযুক্ত মন্টু শেখ সম্পর্কে গ্রাম পঞ্চায়েত সদস্য মোজারুল ইসলামের কাকা। আর এই ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে।

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার সুজাপুর এলাকার চামাগ্রামে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। ওই গ্রামের বাসিন্দা মন্টু শেখের বাড়ী থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। মন্টু শেখ স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত, সে কথা স্বীকার করে নিয়েছেন তার ভাইপো। তিনি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোজারুল ইসলাম।

আর তৃণমূল কর্মীর বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘অস্ত্রের ঝাঁঝালো শব্দ শুনিয়ে ভোট করতে চাইছে তৃণমূল। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক এটাই আমরা চাই। না হলে আধা সামরিক বাহিনী দিয়ে অস্ত্র উদ্ধার করা হবে ভোটের আগে।’ পাশাপাশি তিনি বলেন, মালদা জেলা জুড়ে অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছে তৃণমূল নেতারা। আমরা এ ব্যাপারে পুলিশকে জানিয়েছি। এর আগেও শামসিতে গুলি চালানো হয়েছে।

যদিও বিজেপির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, ‘মিথ্যাচার করছে বিজেপি। যার বাড়িতে উদ্ধার হয়েছে সে এক তৃণমূল কর্মীর আত্মীয়। তার সঙ্গে দলকে জড়িয়ে লাভ নেই। আর ওরা শুধু উদ্ধারের কথা বলেন, কালো টাকা উদ্ধারের কথা বলেছিলেন, হয়নি। তৃণমূল নেতাদের বাড়ীতে কিছু মজুতও নেই, উদ্ধারও হবে না।’

এবিষয়ে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অভিযুক্ত মন্টু শেখের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join