TRENDS

Krishak Bandhu: ৬২ লক্ষ কৃষক ‘কৃষক বন্ধু’ প্রকল্পে রাজ্যে প্রথম কিস্তির টাকা পেলেন

Chandramani Saha

নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে যে ১০ টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় বরাদ্দ দ্বিগুণ করা হবে। সেইমতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে সেই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

গত ১৭ জুন তিনি জানিয়েছিলেন, সেদিন থেকেই জেলায়-জেলায় কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হবে।সরকারের তৃতীয় দফার শুরুতেই নির্বাচন ইস্তেহারের অঙ্গীকার পালনে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাফল্যের প্রথম পদক্ষেপ ফেলল তাঁরই মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘কৃষক বন্ধু’। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় বাংলার ৬২ লাখ চাষির কাছে প্রথম কিস্তির ৫,০০০ টাকা বা ২,০০০ টাকা পৌঁছে গিয়েছে।

মাত্র ১৫ দিনেই এত সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাওয়ায় খুশি নবান্নও। নবান্ন সূত্রে খবর, চলতি বছর ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৫,০০০ টাকা বা ২,০০০ টাকা দেওয়া হবে চাষিদের। সেই সময় ‘কৃষক বন্ধু’ প্রকল্পে চাষির সংখ্যা আরও বাড়বে বলে আশা রাজ্য সরকারের আধিকারিকদের। তাঁদের আশা, ডিসেম্বরে প্রায় ৬৭ লাখ চাষিকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় অর্থ সাহায্য করা হবে। যে প্রকল্পে বছরে ৪,৫০০ কোটি বরাদ্দ করেছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ১৫ দিনের মধ্যে ৬১,২১,৮৮০ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেজন্য রাজ্যের কোষাগার থেকে মোট ১,৮০০ কোটি টাকা খরচ হয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join