TRENDS

‘ড্রামাবাজ’ হয়ে বিজেপির টিকটক নেত্রীর হাতে জুতো পেটা খেলেন এক সরকারি আধিকারিক

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা নেত্রীদের কাছে এ ঘটনা নতুন নয়। সরকারি আধিকারিক থেকে পুলিশ আধিকারিককে এঁরা মাঝে মধ্যেই পিটিয়ে থাকেন। খবর কাগজে তা ছাপাও হয় কিন্তু ওই যে বলে, স্বভাব যায়না ম’লে। পুলিশ অধিকারিককে দিয়ে জুতো পরানোর মত ঘটনাও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী করে দেখিয়েছেন। এসব বিজেপি শাসিত রাজ্য গুলির রোজকার চিত্র, এখন আর মানুষের মনে খুব একটা দাগ কাটেনা তবে এবার যা হল তা একেবারে নজির বিহীন। পায়ের জুতো খুলে সর্বসমক্ষে এক সরকারি আধিকারিককে জুতো পেটা করলেন এক বিজেপি নেত্রী এবং যেখানে সেখানে নয়, হিল ওয়ালা জুতো দিয়ে বারংবার মেরে গেলেন আধিকারিকের মুখে! মাথায় হাত দিয়ে প্রাণপণে চপ্পলের আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। আর গোটাটাই হল পুলিশের সামনে!

শুক্রবার হরিয়ানার কৃষক মার্কেটে এক কৃষি অধিকারিককে বিজেপি নেত্রী সোনালি ফোগতের সেই জুতো পেটা করার ঘটনা এবং পুলিশের নীরব দর্শক হয়ে থাকার দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও বন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুধু জুতো পেটাই নয়, আধিকারিকের উদ্দেশ্যে তাঁর অশ্রাব্য খিস্তি বচনও ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ভাইরাল হতেই হরিয়ানা সরকারকে আক্রমন শানিয়েছে বিরোধী দলগুলি।

ঘটনার হরিয়ানার হিসার জেলায় এক আদমপুরে পাঁচ-ছ’জন সঙ্গীকে নিয়ে কৃষক মান্ডি পরিদর্শনে গিয়েছিলেন টিকটক ভিডিয়োতে জনপ্রিয় হওয়া ওই বিজেপি নেত্রী সোনালি ফোগত। কৃষক মান্ডির সচিব সুলতান সিংহের কাছে একটি লম্বা তালিকা তুলে দেন। তাঁর অভিযোগ তালিকা ভুক্ত লোকেরা মান্ডিতে সুযোগ সুবিধা পাচ্ছেনা। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তারপরই পায়ের জুতো খুলে পেটাতে শুরু করে। সোনালির অভিযোগ, সুলতান নাকি তাঁকে ‘ড্রামাবাজ’ বলে কটূক্তি করেন। এবং তা শুনেই নাকি রাগে ফেটে পড়েন সোনালি। এর পর ক্যামেরার সামনেই নিজের চপ্পল খুলে তা দিয়ে পেটাতে থাকেন সুলতান সিংহকে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সোনালির চপ্পলের ঘা এড়াতে নিজের মাথা-মুখ ঢেকে বসে রয়েছেন সুলতান। তবে তাতেও এড়ানো যাচ্ছে না পিটুনি। চপ্পলপেটার সঙ্গে সঙ্গে শোনা যায় সোনালি বলছেন, ‘‘তোমার গালি শোনার  জন্য কাজ করছি?’’ সেই সঙ্গে তিনি আরও বলতে থাকেন, ‘‘আমি বাইরে বেরিয়ে কাজ করছি… কী ভেবেছেন আমাকে? তোমাদের মতো মানুষের বেঁচে থাকার অধিকারই নেই!’’  উল্লেখ্য ২০১৯ হরিয়ানা বিধানসভা নির্বাচনে আদমপুর বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী সোনালি

ঘটনাস্থলেই নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক পুলিশ আধিকারিককে। যাকে সোনালি বলতে থাকেন, ‘‘এঁর বিরুদ্ধে রিপোর্ট লিখুন… কুকথা বলেছে আমার বিরুদ্ধে।’’ যদিও সুলতানের দাবি, সোনালি যা যা করতে বলেছেন, তা সব কিছুই লিখে করে রেখেছেন তিনি। তখনকার মতো ওই বিজেপি নেত্রীর কাছে ক্ষমা চেয়ে ছাড় পেলেও এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সুলতান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই হরিয়ানার  মনোহরলাল সরকারের প্রবল সমালোচনা করেছে কংগ্রেস।

দলীয় মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে সোনালির বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘খট্টর সরকারের নেতাদের কীর্তিকলাপ।’’ সুরজেওয়ালার প্রশ্ন, ‘‘হিসারের আদমপুরের বিজেপি কমিটি ( কমিটির সদস্য) মার্কেট কমিটির সচিবকে পশুর মতো পেটাচ্ছেন। সরকারি কাজ করা কি অপরাধ?”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join