TRENDS

আইআইটি খড়গপুর ক্যাম্পাসে আত্মহত্যা অস্থায়ী কর্মচারীর, তদন্তে পুলিশ

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়গপুর ক্যাম্পাস থেকে এক কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে একটি অতিথিশালা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবল সাহা। ৪৩ বছরের সাহার বাড়ি খড়গপুর পৌরসভার ৩৩নম্বর ওয়ার্ডের তালবাগিচায় বলে জানা গেছে।

আইআইটি সূত্র এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছে যে, রবিবার আ্যলামনি গেষ্ট হাউসে নাইট ডিউটিতে ছিল সাহা। সোমবার সকাল ৬টা অবধি কাজও করেছে সাহা। তারপর তাকে দেখা যায়নি। পরে দেখা যায় গেষ্ট হাউসেরই একটি জায়গায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। খবর পেয়েই ছুটে আসে খড়গপুর টাউন থানার আওতাধীন হিজলী ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আইআইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি চুক্তিবদ্ধ বা কন্ট্রাক্টচুয়াল কর্মী ছিলেন। ঠিকাদারের অধীনে পরিষেবা প্রদানের কাজ করত সাহা। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যারই ঘটনা তবে ঠিক কী কারণে সাহা আত্মহত্যা করেছেন তা এখনও তদন্তের বিষয় বলেই পুলিশ জানিয়েছে।

খড়গপুর পুলিশের এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে সাহার বাজারে বেশ কিছু ধারদেনা ছিল। লটারির টিকিট কাটার মত অভ্যাস ছিল বলেও একটি সূত্রে খবর মিলেছে। এই সব নিয়ে পরিবারে কোনোও অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। বাদ বাকি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join