TRENDS

৭২ ঘন্টার মধ্যে শেষ করতে হবে ৮০% কন্ট্যাক্ট ট্রেসিং, বাংলা সহ ৯ রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

Abhirup Maity

ওয়েব ডেস্ক : দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ১৪ দিনে দেশের প্রায় ৮৯% আক্রান্তের হদিশ মিলেছে ৯ রাজ্য ও ১ টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে। বৃহস্পতিবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবা এবিষয়ে রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কেন্দ্রের তরফে রাজ্যগুলির উদ্দেশ্যে এদিন বলা হয়েছে, সংক্রমণ রুখতে আরও বেশি পরিমানে টেস্টিং ও ট্রেসিং করতে হবে৷ একমাত্র এর জেরেই সংক্রমণ রোখা সম্ভব হবে৷

এদিনের বৈঠকে রাজীব গৌবা ও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব মূলত আক্রান্ত ও মৃতের নিরিখে যেসকল রাজ্যগুলি এগিয়ে রয়েছে সেগুলির ওপর বেশি জোর দেন। বৃহস্পতিবারের বৈঠকে মূলত মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাত, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও জম্মু কাশ্মীরের মুখ্যসচিবরাই এই বৈঠকে অংশ নেন। এদিনের বৈঠকের মাধ্যমে শুধুমাত্র টেস্টিং, কন্ট্যাক্ট ট্রেসিং, কনটেনমেন্ট, হোম আইসোলেশন, সার্ভেলেন্স, হসপিটাল বেড, অক্সিজেন ও ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রক।

তবে শুধুমাত্র টেস্টিং ট্রেসিং নয় একই সাথে রাজ্যগুলিকে সঠিকভাবে কনটেনমেন্ট, কন্ট্যাক্ট ট্রেসিং ও সার্ভেলেন্স করার নির্দেশ দেন কেন্দ্রীয় ক্যাবিনেট। পাশাপাশি এদিন কেন্দ্রের তরফে আরও বলা হয়, ৮০ % নতুন আক্রান্তদের ক্ষেত্রে তাদের ঘনিষ্ট কন্ট্যাক্টদের ৭২ ঘণ্টার মধ্যেই খুঁজে বের করতে হবে। পাশাপাশি, যে সব জেলার হটস্পটগুলিতে টেস্ট পজিটিভ রেট ৫% এর বেশি, সেই জায়গাগুলিতে প্রতি ১০লক্ষ মানুষে নূন্যতম ১৪০ জনের করোনা পরীক্ষা করাতে হবে বলেই কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এবার থেকে রাজ্যগুলিকে হাসপাতালের বেডের সংখ্যা ও অ্যাম্বুলেন্স সম্পর্কিত নানা তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার কথাও জানিয়েছে কেন্দ্র।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join