‘ছোটা’ ছুটিতে ম্যাসানজোর পার্থ দে
আমাদের আজকের যাত্রা সেই সিউড়ি পার হয়ে দুমকার দিকে। বীরভূম জেলার সদর শহর সিউড়ি। সেখান থেকে দুমকা। যাত্রাপথটি ভারী মনোরম। সুন্দর পটে আঁকা ছবি যেন। রাস্তার পাশে ছোট ছোট গ্রাম, মাটির বাড়ি, চায়ের দোকান, সবুজ ধানক্ষেত। সব পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। তিলপাড়া ব্যারেজ ছেড়ে বেশ খানিকটা যেতেই, বাংলার সীমানা শেষ। দোকানের সাইনবোর্ডে হিন্দীতে লেখা। তা দেখে বোঝা যাবে, ঝাড়খন্ডে ঢুকে পড়া গেছে।
আড়াই শো কিমি চলার পথে ছোট-বড় কয়েকটি উপ-নদী পেয়েছে ময়ূরাক্ষী। প্রধানগুলি হল– বামদিকে ব্রাহ্মণী, ডাইনে বক্রেশ্বর, কোপাই আর দ্বারকা। মিষ্টি নামের এই নদী বর্ষায় যেন চামুন্ডা। কী তার ভয়াল ভয়ঙ্কর রূপ ! গেরুয়া রঙের খলবলে জল গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। ফি বছর ভয়ঙ্কর বন্যায় দুর্দশার অন্ত থাকে না মানুষের। তাই তো পায়ে দু-দুটো বেড়ি পরিয়ে বাঁধতে হয়েছে নদীকে। গড়ে উঠেছে অগাধ জলের ভান্ডার– এ রাজ্যে তিলপাড়া আর ও পারে ম্যাসানজোর ড্যাম। ম্যাসানজোরের টানেই এখানে আসা।
বাংলোর কেয়ারী করা বাগান, রকমারি ফুলের মেলায় সাজানো। সবুজ ঘাসের গালিচায় বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেওয়া যায়। বিশাল টানা বারান্দা বাংলোর। সূর্যদেব পশ্চিমে ঢললে, চেয়ার টেনে বসে পড়া। অসাধারণ এক সূর্যাস্ত উপভোগ করা যায়। বাঁধের জলে তখন কে যেন সোনা গুলে দিয়ে যায়। ঝাঁকে ঝাঁকে পাখিরা তাদের বাসায় ফিরে যায়। বেরিয়েও পড়া যায় বিকেলে। ব্যারেজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ওপার ওপার থেকে ঘুরে আসা যায়। শান্ত স্নিগ্ধ প্রকৃতি। শাল-পলাশ-মহুয়ার জঙ্গল। শরতে পেঁজা তুলোর মত কাশ ফুল। আর বসন্তে পলাশ রঙে সেজে ওঠে প্রকৃতি।
ময়ূরাক্ষী ভবন বাংলোটি সেচ ও জলসম্পদ দপ্তরের। এককথায় অসাধারণ এই বাংলো। ভরা বর্ষায় বা চাঁদনী রাতে ময়ূরাক্ষী ভবনে নিশিযাপন যেন স্বপ্নপূরীতে বাস করা। রিমঝিম বৃষ্টিতে বাংলোর ব্যালকনি থেকে জলাধারের নয়নাভিরাম রূপ মুগ্ধ করবে। পাহাড় যেন আরো সবুজ। চারদিক দিয়ে জলাধারকে ঘিরে রেখেছে। বর্ষায় এলে, জলাধার থেকে জল ছাড়ার দৃশ্য উপরি পাওনা হতে পারে।
পাহাড়ের গায়ে এসে গা এলিয়ে দেওয়া মেঘ। ড্যামের জলের মাঝে কুয়াশায় মোড়া ছোট ছোট দ্বীপ। রঙীণ নৌকা ভাসে জলে। জলছবির মত এইসব দৃশ্য চোখ জুড়িয়ে দেবে। শীতে স্বচ্ছ নীল জল। পাহাড়ের ছবি ভাসে তাতে। অনন্য দৃশ্য। পরিযায়ী পাখিরা ভীড় করে আসে সেসময়। টিয়া আর মুনিয়া পাখিরা এখানে স্থায়ী বাসিন্দা। ব্যারেজের ফাঁক ফোকরে তাদের ঘরবাড়ি। সারাদিন লুকোচুরি খেলে বেড়ায়।
জলাধারের নীল জলে নৌকায় ভেসেপড়া যায়। দারুণ রোমাঞ্চকর অনুভুতি।
কাছাকাছি স্পট :-ব্যারেজের ওপর দিয়ে হেঁটে ওপারে আরো কিছুটা এগিয়ে ছবির মতো সুন্দর এক আদিবাসী গ্রাম লাম্বা। এখান থেকে হস্তশিল্প সামগ্রী সংগ্রহ করা যায়। কাছেই একটি মিশনারি স্কুলও আছে।। একটু দূরে :– ◆ দুমকার দিকে গেলে দেখবেন হিজা পাহাড় ও নদী, কুরা পাহাড়, তাতলোই প্রস্রবণ ও কুমরাবাদ নদী। ◆ ম্যাসানজোর থেকে সিউড়ির দিকে গেলে রাজুডিহি মোড়, ওখান থেকে নানহা পাহাড় ও চোরকাঁটা পাহাড় (আদিবাসী গ্রাম)। ◆ ঘুরে আসতে পারেন – বক্রেশ্বর ধাম (উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত), নীল নির্জন ব্যারেজ, দুবরাজপুরে মামা ভাগনে পাহাড় (বক্রেশ্বর থেকে ১৩ কিমি), হেতমপুর রাজবাড়ি, জয়দেব কেন্দুলি (৩৫ কিমি)।
থাকার ব্যবস্থা :- ◆ “ময়ূরাক্ষী ভবন” – বুকিং এর জন্য যোগাযোগ Dy. Secretary, Irrigation Department, Water Resource & Development Building, Salt Lake, Kolkata, ফোন – 033 23212259/03462 255229 ◆ যুব কল্যাণ দপ্তরের “যুব আবাস” – অনলাইন বুকিং এর জন্য https://youthhostelbooking.wb.gov.in/
ফোন – 033 22480626 / 03462 255756 (ম্যাসানজোর)। ◆ ঝাড়খন্ড সার্কিট হাউস – যোগাযোগ Superintendent Engineer, Irrigation Department, Dumka,
ফোন – 06434 224569◆ ড্যামের ১ কিমি আগে সুরুচি ও মহামায়া নামে দুটি প্রাইভেট হোটেল আছে। তাছাড়া কয়েকটি খাবারের রেস্টুরেন্টও আছে।
কিছু কথা :-◆ দুর্গা পূজোর দশমীর পরেরদিন ম্যাসানজোরে একটি আদিবাসী মেলা হয়।
◆ বর্ষা, শরৎ ও বসন্তকাল এখানে ঘোরার জন্য আদর্শ সময়।
◆ সিউড়ীর বিখ্যাত মোরব্বা খেয়ে দেখবেন।
◆ বেড়াতে গিয়ে কোনরকম আববর্জনা ফেলে আসবেন না।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…