ততক্ষনে সারা দুনিয়া রাষ্ট্র হয়ে গেছে খবর, মুখ্যমন্ত্রীকে একটা বুথে ঢুকিয়ে রেখে ঘিরে রেখেছে পুলিশ। বাইরে তাঁরই একদা শুভেন্দু বাহিনীর দাপট চলছে।
খবরটা মীনাক্ষীও শুনেছেন। আরও শুনেছেন শুভেন্দু আবার মুখ্যমন্ত্রী বাহিনীর দাপটে বিক্ষোভের মুখে পড়েছেন! মীনাক্ষী অবশ্য সেসব গ্রাহ্য করেননা। তিনি জানেন, ভোটে যাইহোক এমনিতে তাঁকে বাধা দেওয়ার কেউ সাহস পাবেনা। সবকিছুর বাইরে গিয়েও নন্দীগ্রাম জেতা হয়ে গেছে তাঁর। নির্দ্বিধায় তিনি ঘুরে বেড়ান বিভিন্ন বুথে। এর পর সাময়িক বিরতি নিয়ে ফের বেরিয়ে পড়েন। পৌঁছন গোকুলনগরের তেখালিতে। তেখালি থেকে ফের থানা মুখি রাস্তায় বাঁ দিকে পেরিয়ে এলেন জামবাড়ি। ২০০৭ মে মাসে স্ত্রী ভবানীর চোখের সামনে এখানেই খুন হয়েছিলেন মহীতোষ করন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল যাচ্ছিল বাড়ির সামনের রাস্তা দিয়ে। উঠোনে দাঁড়িয়েছিলেন মহীতোষ। পাঁচ বছরের ছেলেকে নিয়ে পুইমাচা থেকে পুইশাক সংগ্ৰহ করছিলেন ভবানী। হঠাৎই মিছিল থেকে গুলি। চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছিলেন। ছেলেটা বাবা বলে চিৎকার করতে গিয়েও করতে পারেনি। ভবানী ছেলের মুখে চাপা দিলেন। দেখতে পেলে তাদেরও ছাড়বেনা। কারন স্বাক্ষী রাখেনা কমিটি। মিছিলটা ততক্ষনে উঠোনে। একটা চাটাইয়ের ওপর রক্তাক্ত লাশটা বিছিয়ে রোল করে কাঁধে নিয়ে চলে গেল ওরা। সে লাশের আজও খোঁজ মেলেনি। মীনাক্ষী ঘুরে গেলেন সেই বুথেও।
ইতিমধ্যে ফোন এসেছে সামসাবাদ সিপিএম পার্টি অফিস থেকে। ১০ বছর পর লালঝাণ্ডায় পার্টি অফিস সাজিয়েছে কুড়ি একুশের ছেলেরা। ‘দিদি একবারটি আসবেনা?’ মীনাক্ষী উত্তর দেয়, ‘দেখি সময় পেলে যাব।’ কাউকে একটা ফোন করে মীনাক্ষী, কমরেড খোদামবাড়ির খবর কী? ওপাশ থেকে উত্তর আসে, প্রতিটা বুথেই এজেন্ট বসেছে এমনকি গোপালপুরের ৪০নম্বর বুথেও! গোপালপুরেও! নন্দীগ্রামের স্মৃতিতে ভেসে ওঠে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন। এই গোপালপুর বুথই দখল করতে এসেছিল শাসক বাহিনী। বাধা দিতে গিয়ে বুলেটে ঝাঁঝরা হয়ে গেছিল দুটি দেহ, বছর তিরিশের অপু মান্না আর যজ্ঞেশ্বর ঘোষ! সাথে সাথে বুথ ছেড়ে চলে যেতে হয়েছিল সিপিএমের বহু এজেন্টকে। সিপিএম সন্ত্রাসের অভিযোগ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, নিজেরা এজেন্ট দিতে পারবেনা, শুধু সন্ত্রাসের অভিযোগ করবে? কী আশ্চর্য! আজ সন্ত্রাসের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে!
৬৩টা (মুখ্যমন্ত্রী এটাই বলেছেন ) অভিযোগ করে মমতা তখন বয়ালের ৭নম্বর বুথে আটকে রয়েছেন পুলিশ আর নিরাপত্তা বাহিনীর ঘেরা টোপে! এই বাংলায় কোথায় কবে এমন ঘটনা ঘটেছে যে মুখ্যমন্ত্রীকে বুথের বাইরে ২ ঘন্টা ধরে বের করতে ভয় পাচ্ছেন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ওদিকে হাফ কোম্পানি নিরাপত্তা বাহিনী নিয়ে ফের নন্দীগ্রামেই বিক্ষোভের মুখে নন্দীগ্রামের ভূমিপুত্র। শুধু মীনাক্ষী মুখার্জী একাই চষে বেড়াচ্ছেন সারা নন্দীগ্রাম। কেউ বাধা দিচ্ছেনা, কেউ গো-ব্যাক বলছেনা। বরং কোথাও কোথাও বুথে ঢুকলে সসম্ভ্রমে দলমত নির্বিশেষে উঠে দাঁড়াতে দেখা গেছে পোলিং এজেন্টদের। এরই মধ্যে একটা টুলে বসে অন্য টুলে থালা রেখে দুমুঠো খেয়ে নিয়েছেন। যে সব বুথ টার্গেটে ছিল তার সমস্ত কভার করেই বেলা সাড়ে তিনটের মধ্যেই মীনাক্ষী ফিরে গেছেন সেই দলীয় দপ্তরে।
তাঁর জন্য মিডিয়ায় সময় বরাদ্দ নেই। মুম্বাই, দিল্লি কলকাত্তা ওয়ালা মিডিয়া তখনও বয়ালের দাঁত মুখ খিঁচানো লড়াই দেখাতে ব্যস্ত। তারই মধ্যে এক আধজন মিডিয়া আসে তাঁর কাছে। এরা ছোট কিংবা সোশ্যাল মিডিয়ার দল। মীনাক্ষী তাঁদের বলেন, বিধানসভা কেন্দ্রের সব বুথে মোটামুটি আমাদের এজেন্ট বসেছে। আগের তুলনায় বেশ কিছুটা ভয় ভেঙে মানুষ ভোট দিয়েছেন। তবে এখনই বলতে পারছি না যে, সব মানুষ ভোট দিয়েছেন। সব মানুষ নির্দ্বিধায়, বিনা আতঙ্কে, বিনা প্রভাবিত হয়ে ভোট দিতে পেরেছেন, তা-ও বলতে পারব না। কারণ বিগত ১০ বছরে যে ভাবে তৃণমূল এবং তৃণমূল থেকে গিয়ে যারা বিজেপি, তাদের যা সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসের কারণে এখানে একটা দমবন্ধ করা পরিবেশ।’’ মুখ্যমন্ত্রী আর শুভেন্দুকে খোঁচা দিয়ে মীনাক্ষী জানালেন, হেভিওয়েটরা আজ কেমন যেন লাইটওয়েট হয়ে গেলেন কোথাও কোথাও। সারা নন্দীগ্রাম ঘুরলাম। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পাঁচ-ছশো-সাতশো জমায়েত করা এটাকে যদি শান্তিপূর্ণ ভোট হয় তবে এটা শান্তিপূর্ণ ভোট বই কী।’’ নির্বাচন কমিশন এ কথার মানে বুঝবে কিনা কে জানে?
নন্দীগ্রামে নিজের লড়াইয়ে আপাতত বিরতি মীনাক্ষীর কিন্তু এবার যে বাংলার জন্য লড়াই শুরু সেটাও জানিয়ে দিল মেয়ে। তার ঘরের পাশেই লড়ছে ঐশী। রয়েছে দীপ্সিতা, পৃথা, সৃজন, প্রতীক-উর সহ আরও অনেকে। নন্দীগ্রামের লড়াইয়ে পোড় খাওয়া মীনাক্ষীর লড়াই এবার তাঁদের জন্য, সারা বাংলার জন্য। যখন যেখানে পার্টি বলবে। কয়েকদিন বিশ্রাম নেবেননা? নাগরিক গন্ধহীন লাল সালোয়ার বলে ওঠে, ২রা মেয়ের আগে কোনোও বিশ্রাম নেই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…