বীরকুল এলাকার অতীত কথা জানা যায়, ১৭৮৭ সালের জুন মাসে লেখা, মেদিনীপুর জেলার এক ইংরেজ কালেক্টার (মি. হিউয়েট)-এর বিবরণে। জানা যায়, পূর্বে বীরকুল এলাকা ছিল ময়ূরভঞ্জের রাজার শাসনাধীন। ইং ১৫০০ সাল নাগাদ রাজার সনন্দ নিয়ে, জনৈক সাগর রায়, বীরকুল পরগনার জমিদার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনিই ছিলেন এখানে জমিদারি এবং রায়বংশের প্রতিষ্ঠাতা। … গ্রামে তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত পাথরের তৈরি সাগরেশ্বর শিবমন্দিরটি এখনো দেখা যায়।
এই বিপর্যয় পর্বে, বিভিন্ন তহশীলের দায়িত্ব গ্রহণ করে, অনেক ছোটছোট জমিদারের উদ্ভব হয়েছিল। পরে তাঁদের অনেকেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার অন্তর্ভুক্ত হয়েছিলেন। বারাঙ্গা গ্রামের জমিদারি সেই তালিকার অন্যতম একটি।
বারাঙ্গার জমিদারের বাস্তু গড়া হয়েছিল গড়খাই দিয়ে ঘিরে। আলোচ্য মন্দিরটি সেই বাস্তুর ভিতর, বসতবাড়ির লাগোয়া করে নির্মিত। কিন্তু মন্দিরে কোনও প্রতিষ্ঠা লিপি নাই। বারাঙ্গার এই জমিদার পরিবারের পূর্বাপর কুলপঞ্জীও পাওয়া যায় না। মাত্র শ’দুই বছরের ইতিহাস আছে আমাদের হাতে। সেই তালিকায় প্রবীণতম পুরুষ হলেন জনৈক কেশব চন্দ্র দাস। জমিদারবংশের অভিমত– কেশব চন্দ্রই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকবেন।
কেশব-এর দুই পুত্র– কাঞ্জিরাম এবং আন্দিরাম। এই দুই পুরুষের বংশধর এবং দৌহিত্রগন বর্তমানে ৮/১০ পুরুষে পৌঁছেছেন। তাঁরাই দেবতার সেবাপূজার ধারাটিকে বহাল রেখে চলেছেন।
বহু দিন হোল, দেবতার নামিত সম্পত্তির সবই বেহাত। সুখের কথা, তাতে সেবাপূজার কোনও অঙ্গহানি হতে দেয়নি এই সেবাইত বংশ। বর্তমানেও নিত্য তিনবার পূজা– সকাল সন্ধ্যায় ফল-মূল-মিষ্টান্নের নৈবেদ্য। দুপুরের পূজায় অন্তত পঞ্চ -ব্যঞ্জন সহ আতপচালের নিরামিষ অন্নভোগ। এছাড়া ভক্তদের নিয়ে আসা পূজাও লেগেই থাকে মন্দিরে।
রাধা-কৃষ্ণ ছাড়া, জগন্নাথ-বলরাম-সুভদ্রাও আছেন মন্দিরে। সেকারণে, রথযাত্রার আয়োজন করা হয়। রাসমঞ্চের লাগোয়া বিশাল একটি রথ-ময়দান আছে। সেখানে উৎসবটি আয়োজিত হয়। বড় আকারের একটি মেলাও বসে রথ উপলক্ষে। ঝুলন, দোলযাত্রা, জন্মাষ্টমী আর রাধাষ্টমীতেও বিশেষ ঘটা দেখা যায় এখানে।
রাধাবল্লভের পূর্বমুখী এই মন্দির দালান-রীতির, ইটের তৈরি। ভারতবর্ষে দালান-রীতির প্রাচীনতম মন্দিরটি আছে মধ্যপ্রদেশের সাঁচি-স্তুপের পাশেই। এছাড়া আছে, বুন্দেলখণ্ডের নাচনাকুঠার গ্রামের পার্বতী মন্দির কিংবা নগোধ স্টেটের ভুমরা গ্রামের শিব মন্দির। এগুলি নির্মিত হয়েছিল গুপ্তযুগে।
এইসকল সমতল ছাদ, বাঁকানো কার্ণিশ-বর্জিত দেবালয়ের নির্মাণ প্রকরণ ইত্যাদি উন্নত কারিগরীরই বিষয়। বোধকরি, দালান মন্দিরের এই সহজ নিরাভরণ রূপের জন্যই, কোন কোনও পুরাবিদ এগুলিকে “আর্য ও আর্যেতর ধর্মচিন্তার মিশ্রণের ফলশ্রুতি” বলে উল্লেখ করেছেন। অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, গাছতলায় বা মাটির বেদিতে লৌকিক দেবদেবীদের কৌলীন্যলাভের ফলে, পৌরাণিক দেবদেবীদেরও কিছুটা লৌকিকতার দিকে ঝুঁকতে হয়েছিল। সেসময় ‘সাধারণ দালান-মন্দিরে’ও তাঁদের আরাধনা হয়েছে।
পূর্বমুখী মন্দির হলেও, মন্দিরে উঠবার সিঁড়িটি রচিত হয়েছে উত্তর দিকে। পূর্বদিকে মুখ্য দ্বারপথটি ছাড়া, উত্তর দিকেও একটি দ্বারপথ আছে।
মন্দির অলংকরণের কাজে টেরাকোটা-ফলকেরও কিছু ব্যবহার করা হয়েছে। সামনের দেওয়ালে সরলরৈখিক কার্নিশের নিচ বরাবর একটি সারি, এবং দু’দিকের কোনাচের গায়ে দুটি খাড়া সারিতে, ছোট-ছোট খোপে কিছু ফলক যুক্ত হয়েছে।
মন্দিরের কয়েকটি বৈশিষ্ট উল্লেখ করবার মতো– ১. পূর্ব এবং উত্তরে দুটি দ্বারপথেরই লাগোয়া দু’পাশে, দুটি করে ‘প্রতিকৃতি দ্বারপথ’ রচিত আছে।
২. দুটি করে ‘প্রতিকৃতি দ্বারপথ’ রচিত আছে পশ্চিম এবং দক্ষিণের দেওয়ালেও।
৩. মন্দির অলংকরণের একটি স্বাভাবিক রীতি হল দ্বারপথের দু’দিকে দুটি দ্বারপাল কিংবা দ্বারপালিকা মূর্তি রচনা করা। কোনও মন্দিরে আবার এগুলির বদলে, বাদক-বাদিকা মূর্তি দেখা যায়। এই মন্দিরে প্রত্যেকটি দ্বারপথ এবং ‘প্রতিকৃতি দ্বারপথ’-এর দু’দিকে দুটি করে মূর্তি রচিত হয়েছে।
৪. মূর্তিগুলির ভিতর দ্বারপাল, বাদিকা, নর্তকী সকলেরই সমাবেশ দেখা যায়।
৫. বিশেষ বৈশিষ্ট মূর্তিগুলির দৈহিক গঠন এবং অঙ্গের পোশাক পরিচ্ছদের বৈচিত্রে। কয়েকটি ছবি দেওয়া হল। পাঠক-পাঠিকা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন।
সাক্ষাৎকার : সর্বশ্রী ক্ষুদিরাম দাস, ঘনশ্যাম দাস, হরিহর দাস, বঙ্কিম দাস, বিনোদ বিহারী দাস– বারাঙ্গা।
পথ-নির্দেশ : মেদিনীপুর থেকে পানিপারুল হয়ে দিঘা গামী পথের উপর দেপাল। সেখান থেকে সামান্য ১ কিমি দূরে বারাঙ্গা গ্রাম। এছাড়া, কলকাতা বা মেচেদার দিক থেকে দিঘা গামী পথের রামনগর থেকেও দেপাল (৮ কিমি) আসা যাবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…