জীর্ণ মন্দিরের জার্নাল– ৯১
চিন্ময় দাশ
সেকালের সাহাপুর পরগণায় (বর্তমান ডেবরা থানা) বেশ বড়সড় মাপের জমিদারী ছিল জনৈক সুদাম চরণ দাস বেরার। বিশাল অট্টালিকা। হাতিশালে হাতি। অট্টালিকার পুরো একটা মহল নিয়ে কাছারীর সেরেস্তা। দাস-দাসী, লোক-লস্করে গমগম করত জমিদারবাড়ি।
শ’ আড়াই বছরের কিছু আগে-পরের কথা। একবার তেমনই ডাল ভাঙানোর কাজ চলছে। রাতে জমিদার সুদাম চরণ স্বপ্নাদেশ পেলেন– ” কলাইর বস্তাতে ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা ছিল। মেয়েরা কালো পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে খোসার গাদায়। তুলে এনে যেন প্রতিষ্ঠা করা হয়।”
আনন্দ যেন ধরে না জমিদারের ! দেবতা স্বয়ং দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছেন ! এত সৌভাগ্য ক’জনের হয় !
শিলা খুঁজে পেতে দেরি হোল না। ভক্তিভরে উদ্ধার করা হল সেটিকে। একটি দ্বার, চারটি বিষ্ণুচক্র এবং বনমালা চিহ্নিত আছে শিলার গায়ে। ব্রাহ্মণ পন্ডিত বিচার করে পরিচয় জানালেন– লক্ষ্মীজনার্দন শিলা।
বড় করে পঞ্চ-রত্ন মন্দির গড়া হোল প্রাসাদের লাগোয়া। সামনে কোরিন্থিয়াম-রীতির থাম দেওয়া অলিন্দ। রাসমঞ্চ গড়া হোল প্রাসাদের সামান্য পূর্বে। বিপুল আড়ম্বরে মন্দির প্রতিষ্ঠা করে, সেবাপূজার প্রচলন করা হোল দেবতার।
মন্দির কিংবা রাসমঞ্চ, প্রতিষ্ঠালিপি ছিল না কোনটিতেই। সঠিক জানা যায় না, মন্দিরটি কোন সময়ে স্থাপিত হয়েছিল। তবে, আমরা সুদাম চরণ থেকে একেবারে বর্তমান প্রজন্ম পর্যন্ত ১০ / ১১ পুরুষের বংশলতিকা সংগ্রহ করেছি সেবাইতবংশ থেকে। সেটি বিচার করে, আমাদের অনুমান, আড়াই শ’-পৌনে তিনশ’ বছর আগের ঘটনা ছিল সেটি। অর্থাৎ অষ্টাদশ শতকের মাঝামাঝি, বা কয়েক বছর পরে, মন্দিরটি স্থাপিত হয়ে থাকতে পারে।
বিষ্ণুমন্দির, সেকারণে বারো মাসে তেরো পার্বণ। ঝুলন, দোল, রাস আয়োজিত হোত আড়ম্বরের সাথে। রাস উৎসব ছিল ৫ দিনের। হাতির পিঠে জমকালো হাওদায় চেপে পরিক্রমায় বেরোতেন বিগ্রহ। রাসমঞ্চের সামনে প্রশস্ত প্রাঙ্গনে মেলা বসত সপ্তাহ জুড়ে। অম্বুবাচী, ছাতু সংক্রান্তি, বা মকর সংক্রান্তির মত লোক-উৎসবগুলিরও কদর ছিল এই জমিদারবংশে।
পূর্বের মন্দিরটির স্থাপত্য সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। রত্ন-রীতির পঞ্চ-রত্ন মন্দির ছিল, এটুকুই বলা যায় কেবল। মন্দিরের কোনও চিহ্নই নাই আর। সেটির ভিতের উপরেই বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে।
লক্ষ্মীজনার্দন-এর বর্তমান এই মন্দিরটিও হুবহু তাঁর রাসমঞ্চের আদলে নির্মিত হয়েছে। নিচে গর্ভগৃহটি আট-কোণা। মাথায় ন’টি চূড়া নিয়ে, নব-রত্ন বিশিষ্ট সৌধ। কোনও অলংকরণ নাই মন্দিরে।
প্রয়াত প্রবীন ব্যক্তিদের পারলৌকিক কাজের সময়, ‘বৃষ-কাষ্ঠ’ উৎসর্গ করবার রীতি প্রচলিত আছে মেদিনীপুর জেলায়। এই মন্দিরের সামনে তেমনই একটি বৃষ-কাষ্ঠ স্থাপিত আছে, আমরা দেখেছি। আজ এই জীর্ণ বৃষ-কাষ্ঠ, শ্যাওলা ধরা রাসমঞ্চ, বা করিন্থিয়াম রীতির থামের ভগ্নাবশেষগুলিই কেবল টিকে আছে কেবল, এক বনেদি বাড়ির প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে।
সাক্ষাৎকার : শ্রী বিদ্যুৎ বরণ দাস বেরা, শ্রী ত্রিদীব দাস বেরা– চক কুমার। পথ-নির্দেশ : ৬নং জাতীয় সড়ক মুম্বাই রোডের ডেবরা বাজার স্টপেজ এবং হাওড়া-খড়গপুর রেলপথের বালিচক স্টেশন। এই দুইয়ের সংযোগকারী পথের উপরেই ডেবরা কলেজ। সেখানে নেমে, পশ্চিমে সামান্য ২ ফাৰ্লং দূরে মন্দিরটি অবস্থিত।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…