আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ– এই ন’টি জেলাকে নিয়ে বলা হয় উত্তরবঙ্গ। আজ থেকে ঠিক দু’সপ্তাহ আগে, অর্থাৎ ১৯ মে এই ন’জেলা মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল, ৯৩। সাত দিন আগে অর্থাৎ ২৬ মে এই সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছিল ২৫৮! আর আজ, ২ জুন উত্তরবঙ্গে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬২৮!
তবে আশার কথা হল সংক্রমণ হু হু করে বাড়লেও মৃত্যুর সংখ্যা তেমন বেশি নয়। কালিম্পং, দার্জিলিং ও মুর্শিদাবাদ– এই তিনটি জেলা থেকে এক জন করে অর্থাৎ মোট তিন জনই মারা গেছেন এখনও পর্যন্ত। তবে মৃত্যুর পাশাপাশি রাজ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১০৪ জন। সব মিলিয়ে এপর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪১০ জন। যা প্রায় ৩৯.০৭%। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ৪১ টি ল্যাবে মোট ২২২৭২৬ জনের টেস্ট করা হয়েছে। গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৪৯৫ জনের।